Tuesday, December 24, 2019

15




টেবিলের ওপর খালি বোতল, নির্জলা,
অলস তৃষ্ণার্ত চোখে নিবদ্ধ হয়ে অপ্রস্তুত ।
দ্যুতিময় বৃষ্টিকনা ঝরে বাইরে সর্বত্র,
অলস দৃষ্টি খালি বোতলটিতে এখনও,
হয়ত স্মৃতির দেশকাল নিয়ে নত নজর I

তিনটেবিল পেরোলেই সুন্দরী, অপার্থিব আকর্ষন, 
সম্ভবত জীবনের দিকেই,
চোখ টানে, নজর আসে যায় ৷
এড়ানো যায় না, নড়ানো যায় না, 
উত্তেজিত আক্ষেপিত মন, অনড় ৷



এ আকর্ষন বলবিদ্যা মানে ? আমি নিশ্চিত নই, 
কেন কেন কেন করে পিছিয়ে পিছিয়ে,
এখানে শক্ত জমি পাব কি আদৌ ?
তবু কেনদের লম্বা সারি পড়েছে,
 বাইরে থেকে ভেতরে আসতে চায়, 
 মাথা নাড়ি, জোরে জোরে বলি 'না'৷ জানতে চাই না ৷

বাইরে বৃষ্টিপাত, সামনে শূন্য জলাধার, অলস চোখ,
দিনরাত বিছানার স্যাঁতস্যাঁত, জান্তব গন্ধময়,
এইসব নিজের বলে, বা নিজেকে বলে, মেনে নিচ্ছি ।
 ভাবছি ভালবাসার এই কি প্রথম পদক্ষেপ ?
মৃত্যুদণ্ডাদেশ-প্রাপ্তজন যেভাবে অপেক্ষায় থাকে,
একাগ্র একটি গল্পের সমাপ্তি নিয়ে ভাবে, সেভাবেই ৷











No comments:

Post a Comment