Tuesday, December 3, 2019

9


কত কবিতা লিখলাম, ধুয়ে গেল, তা যাক । বাইরে বের করে রাখি তাই ধুয়ে যায় ঝড়জলে, নইলে হিমঘর হৃদয়, জমে থেকে একদিন যাবে, নর্দমামুখী সমুদ্রের ঢেউ ৷


বাড়ি থেকে ফোন আসে মায়ের, বাবার, ধীর অপেক্ষা, এ পৃথিবীর আমার I কমে কমে থমথমে গীটারের সুর, পাশের রুম থেকে ব্যর্থ প্রেম খুঁজে চলেছে গলায়, প্রেম-শৃঙ্খল; দড়ি |



ভেবে দেখ আমাকে বলা যায় ? অশ্রুপাতে ছোটবড় ফোঁটায় ধুয়ে যায় না কি পরিচয় ? অথবা জীবনের অশালীন দাগ ? আমি কি স্বার্থপর ? ভেবে দেখ বলা যায় ?



এই ভোররাতে তালগাছ, ধুপ করে তাল পড়ে, ভাবি সর্বনাশ; রাতের বাঁধন এত আলগা হয় ! প্রবোধ পাগল, চোখ টিপে বলে, না, এ শুধু শীতের শিশিরে ঘটে ।

No comments:

Post a Comment