Monday, November 25, 2019

-109 :স্বপ্ন দেখার মাঝে মাঝে সত্যি দেখি টিলা

স্বপ্ন দেখার মাঝে মাঝে সত্যি দেখি টিলা,
মাটির টিলা, সবুজ ঘাসের ছোট্ট টিলা,
টিলার মাথায় কুলগাছ, পায়ের কাছে খেত ।

বালির দেশে, শুকনো দিনে, হঠাৎ দেখি টিলা,
টিলার ঘাসে শিশির জমে আছে, মাটি এখনও আর্দ্র,
 নীচের খেতে চাষী গাছেদের সঙ্গে কথা বলছে একা |

ব্যস্ত  সময়, বয়স বাড়ছিল, হঠাৎ দেখি টিলা,
কুলেরগাছে রোদ খেলছে, ঘুমোচ্ছে, শেষে বিকেলে ফিরছে ঘর ,
টিলার নীচে দর্শক মুগ্ধ যাযাবররা, তাদের বয়স বাড়ছেনা ।

একা আমি, সঙ্গ খুঁজছিলাম, হঠাৎ দেখি টিলা,
টিলার ওপর মেঘ, মেঘের সঙ্গে গল্প জুড়েছে,
খেতের শাক সব্জি, ঘাস, কুলগাছ, এমনকী চাষীও |

হিংস্র সময় খুঁজছে উৎস ও মৌলিকতা, হঠাৎ দেখি টিলা,
টিলার বাইরে যাযাবররা মরছে, টিলা তারা দেখতে পাচ্ছে না,
চাষী কাটছে ডোবা, যেখানে জমছে যাযাবরদের রক্ত ও গাছ, মেঘ, শিশুদের অশ্রু |

No comments:

Post a Comment