তিন পি সি সরকার লেনে মানুষ বদলে যায়,
তোমাকে চেনার চেতনা নিজেকে চিনতে চায়,
শঙ্খ ঘোষ, নারায়ন সান্যাল অভিন্ন এ সন্দেহ আসে ।
ভোরের কলেজ স্কোয়ার আমার গ্রামের শেষরাত,
সজীব পেট-পোকা হয়ে ট্রেনে বাসে বয়ে আনি ভোর,
সাথে আসে মাফলার-মোড়া শেষঘুম, অবচেতনে কিছুটা স্বপ্ন |
যত রোদ বাড়ে, অর্থকরী হাঁকডাক ঠাটবাট বাড়ে,
নিজের মুখ ক্রমে ক্রমে আবছা হয়ে আসে ৷
কল্পচোখে আমি কখনো সুন্দর, কখনো অতিবিকৃত |
তোমার সাথে কথা বললেই শান্ত হয় ছায়া,
অসংখ্য শব্দ সে প্রশান্তি বর্ণনার ,
তবু সান্ত বর্ণনা, অনুমানেই একান্ত পরিচিতি |
শেষরাতে পেটব্যাথা, অ্যাসপিরিন-স্নাত সান্ধ্য অন্ধকারে এলে তুমি,
অনেক ল্যাম্পপোষ্টের আলোছায়া তখন আমার রুম ঘিরে,
সারাজীবনের মত সে সন্ধ্যায়ও তোমাকে চিনতে পারিনি ৷
নিঃশব্দে বলার কথা বলব না বলেই সেদিন কথা বলা,
আজ বলি, মাতাল পা ফেলে আব্দারি অশান্তি আসত, তোমাকে চাইত,
সমস্যা হল আমার ভেতরে এক ধরনের শান্তিও ছিল, যে স্বয়ংসম্পূর্ণ |
No comments:
Post a Comment