পরিচিত নর্দমার পাশে
অনিশ্চিত সন্ধ্যা নামছে,
অনিশ্চয়তা সকাল ছোঁবার
স্বাধীন চোখে রোদ দেখার |
রাত ফুরিয়ে যাচ্ছে না,
ফুরিয়ে যাচ্ছি আমি,
প্রশ্বাসের বাতাস বলছে,
নর্দমায় রক্তস্রোত, নদীর দিকে বইছে ৷
নর্দমায় ঝাঁপ দিলেই মুক্তি
দেহের রক্ত হাতের রক্ত,
মনের উত্তেজিত আসব,
সবই ধুয়ে ও সয়ে যাবে অর্থবহ নাব্যতায় |
তবু হাতড়ে অন্ধকার
তোমাকে চিনতে চাইছি
বস্তিবাসীর একান্ত বস্তুগত ঢংয়ে
সঙ্গবিলাপী স্পর্শে কিছুক্ষন ৷
পেয়েছ লোভের গন্ধ ?
হয়ত গোঁফে চিনেছ বেড়াল,
অনস্বীকার্য লোভ বিমুগ্ধ রজনীর ,
পরিপূর্ণতর অলীক জীবনের |
আরও লোভ উবু হয়ে, বসে কাঁদার
তোমার সঙ্গে ফিস ফিসিয়ে ভাবার,
এ রক্ত কার, আমার তোমার ? নাকি,
থিকথিকে থিতু পাঁকের মত রক্ত নর্দমার ?
No comments:
Post a Comment