আমি আসলে ভাল নেই
নিভে যাচ্ছি সবার মত, কেঁদে যাচ্ছি , ভুলে যাচ্ছি ।
সম্ভবত এখানে বিশেষ ভাষা নেই
সুরের সন্দেহ মুক্ত পার্বত্য ঢাল
সত্য মিথ্যা উচু নীচু পাথরের বুকে
মুখ গুঁজে মূক , বিমুখ ।
শুধু গড়িয়ে চলা,
আরো নীচে ধূলোর সমতল
সেখানে ভাষারা জমাট বেঁধে আছে |
কথা বললাম অনেকক্ষন
মানুষ হিসেবে নয়, শুধু হতাশা ছড়ানো ৷
এবার শন শন বাতাস,
শহুরে ফিসফিসে ডাকবে আবার
আবার নিবদ্ধ চোখ চৌকি দেবে ফোনে
ক্রমশ মাথা ধরে আসবে
হাতড়ানো আস্তিক বিশ্বাস
সভ্যতার প্রিয়বাক্য আর দেবে না ধার |
আমি ভাষা খুঁজছি
আসলে খুঁজছি পথ এ সমুদ্র পেরোবার
তোমাদের চোখ অনন্ত প্রহরা দিক
দীর্ঘ আরক্ত শিখায় এক পথের
গান খুঁজে নিজেকে শোনাই ।
এ রক্তজলে সূর্যোদয়,
সীমিত আলোক জ্বলে
সমুদ্রের সব ফেনা দিনের আলোয় |
এত দিনে নিশ্চয়ই চেনা হয়েছে তোমার ?
বিব্রত অন্ধকার গিয়েছে চলে
প্রত্যাখ্যাত কান্নার অধিকারে ?
ছবি আমার মধ্যে বাইরে কতকাল ?
আশা যেখানে খুঁজছি
ভাষা কঠিন সম্বল,
সেখানে বইছে অবিশ্রাম
সে স্রোত নদীর ঢালে,
বাদল ঝড়ে বিকেল সন্ধ্যা হলে
কান্নার স্রোত নামে উন্মুখ বৃষ্টির বেশে |
No comments:
Post a Comment