Monday, November 25, 2019

-169: প্রভাতী আলোয় ডুবব বলে


যতদিন

যতদিন গানের কথা বলছিলে
তত দিন ছিল বন্যার জল, ঝড়ের আকাশ
আর এলোমেলো চুলে চাঁদ ,
যে শুধু তোমার কথা , ভাঙা ভাঙা সুরে বলত |

আমি চাঁদের কথা ভাবিনি
আমি চওড়া আকাশের নীচে সহস্র খালবিলে
পাঁকে যারা মুখ গুঁজে ছিল তাদের কথা ভাবিনি,
আমি বাঁশির বি ফ্ল্যাট ছেড়ে তখন সদ্য বহুতল ফ্ল্যাটে|

এক দিন দেখলাম দ্রুত কলঙ্ক লাগছে চাঁদে
কালচে হয়ে কাঁদছে চাঁদ, লালচে আকাশের গায়
আমি তখন অন্ধকার একটা সমুদ্রের নীচে,
তোমার হয়ে বন্যা আর ঝড়ের শব্দ কিনছি সস্তায় |


তুমি যেদিন গান থামিয়ে আমার পিঠ চাপড়ে দিলে,
টাকার খসখস ছাপিয়ে শুনলাম, চাঁদ কাঁদছে ,
বর্ষার সেই রাতে, ধরলাম চাঁদের হাত,
নিয়ে চললাম, প্রভাতী আলোয় ডুবব বলে |

No comments:

Post a Comment