Monday, November 25, 2019

-97 :আমরা ভোরের দিকে এগোচ্ছিলাম

আমরা ভোরের দিকে এগোচ্ছিলাম,
নিভছিল রাতের তারারা ,
চোখ সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম
নিভে যাওয়া তারাদের থেকে,
যারা নিভতে চলেছে তাদের দিকে ৷
তাদের মুখের বিদায়ী হাসি ,
ঢাকা পড়ছিল ক্রমবর্দ্ধমান আলোয় |


আমরা ভোরের দিকে এগোচ্ছিলাম,
দ্রুত ঠাণ্ডা হয়ে আসছিল চারিদিক,
অনেক অগ্নিকুন্ড , শীতল হয়ে যাচ্ছিল সকালের আগেই,
সকালের রোদে বয়ে নিয়ে যাওয়ার প্রতীক্ষায়
এক এক করে সাজছিল অনেক চিতা ৷
ভাবছিলাম, সবল সূর্যবন্দনায় কান্নার দূর্বলতা চাপা পড়ে যাবে |


আমরা ভোরের দিকে এগোচ্ছিলাম ,
সবাই তখন তাপ আলোর বন্টন নিয়ে চিন্তিত ,
আমি চাইছিলাম ভোরটা সিগনালে দাঁড়িয়ে যাক,
আসন্ন মৃত্যূরা আনবে বাকিদের জন্য বাড়তি উত্তাপ,
তখনও ভোরের মানে নিয়ে সন্দিহান যারা ,
তারা বাদে, কানাঘুসো করছিল সবাই
আমরা ভোরের দিকেই এগোচ্ছিলাম |

No comments:

Post a Comment