খুব ছিল কাছে, দীর্ঘদিন,
কোনোদিন তার হৃৎপিন্ডের শব্দ শুনিনি ,
সে নিজে নাকি প্রায়ই শুনত ,
আমার রক্তের ওঠানামা, সঙ্গীতের মত।
খুব ছিল কাছে, দীর্ঘদিন,
আমার দেহে তার ফুল ফোটেনি,
মুখে তার ফুটত যেসব ফুল সবই আমার ,
তারই ডানায় পালকে ছড়াত় গন্ধ, আমার ফুলের আবেশ ।
খুব ছিল কাছে, দীর্ঘদিন,
আমার কোনো স্বপ্ন শেষে সে বেঁচে থাকেনি,
মরা তারাদের রাতে, তার স্বপ্ন আমাকে পেত ,
জীবন ও মৃত্যুর দেওয়াল পেরিয়ে , স্বচ্ছ সত্ত্বার ছবি ৷
খুব ছিল কাছে, দীর্ঘদিন,
ছুড়ি কাঁচি ব্যাবচ্ছেদেও তাকে চিনিনি,
সে আমাকে চিনে নিত অসংখ্য মৃতদের ভিড়েও ,
আমার লোভ চিনে নিত, মিথ্যে চিনে নিত, আশা ও ভালবাসা চিনে নিত ৷
No comments:
Post a Comment