মাতঙ্গ হৃদয় চোখ চেয়ে খুঁজে নেয়
জলীয় হাহাকার ;
তারপর,
রুক্ষ মাটিতে নমন নামে,
বর্ষা একা নয়, শিশিরও যা বয়ে আনে,
সানন্দ সাফল্যমাত্র নয়,
যেভাবে স্মৃতির কণাও বাঁচার কথা বলে ৷
গাঁয়ের ভোররাতে,
এক-বেঁশো সাঁকোটি পেরিয়ে মাঠে,
প্রাক্তন শিশুটি সূর্য খুঁজতে আসে
আর অসহায়,
কণা কণা স্মৃতির শিশির ঝরে ,
সিক্ত মাটির বুকে এলোমেলো দূর্বাঘাসে
কত বিকৃত কামনার পাশে ..
কণা কণা অসহায়,
স্মৃতিমাত্র, স্মার্তের সম্বল |
বোজা চোখ খোলা যায়,
অতীতের পথে ,
বিকেলের আলো তেপান্তর পেরিয়ে
আসে চোখে ।
দেখি আশার কথা ছিল, বাঁসার কথা ছিল,
ফিসফিসে গলায় ফেলে আসা ঘরবাড়ী,
ভোরের আলোর মত স্মৃতি ।
ইত্যবসরে,
এইসব স্মৃতি-কচলানো লেবু
তিক্তোয় কিছুদুর ৷
রাত আটটার নাটক;
চিরতরে শেষ হয়ে যায় ,
একঘেঁয়েমির অনন্তকালীনতা থাকে পড়ে
এবংবিধ ; সত্যই দেখি ..
বাঁচার জন্য কিছু চাই,
নিশ্চয়ই অন্য কিছু; সমসাময়িক ..
হয়ত যৌনতাই , অনস্বীকার্যভাবে ..
কিংবা, অলীক সেই মানুষটি
চেতনায় অস্তিত্বহীন,
স্বপ্নে কথা বলে,
অবচেতন জুড়ে একরোখা
আংটি চাটুজ্জের সেই ভাই ,
এক-বেঁশো সাঁকোটি পেরিয়ে
মাঠ পেরিয়ে , যে দিগন্তে হেঁটে চলে যায় ...
No comments:
Post a Comment