Monday, November 25, 2019

-43 :বিশেষ কিছু থাকে না লেখার

.

বিশেষ কিছু থাকে না লেখার
তবু মাঝে মধ্যে লিখে রাখি
মাঝে মধ্যে লিখে রাখি এই চারপাশ ।
যত অন্ধকার হয় রাত
তত বনে বনে দাবানল দেখি
চারপাশে আলো হয় তাপ হয়
পুরাতন কিছু মুখ মনে পড়ে যায়
কান্না মনে পড়ে যায় ,
এইসব লিখে রাখি দাবাগ্নি আলোয় ৷
খাতা ভরে যায় ,
ছাই আর ছোট ছোট আগুনের ফুল্কি মেখে
দাঁড়িয়ে থাকি রাতের গন্ধ জাগি ,
আর সব কিছু ,
পুড়ে পুড়ে যায় আমার খাতায়,
অবতল আকাশের নীচে পুড়ে পুড়ে যায় ৷

পাশে পাশে দিন ও আলোকিত শেষোক্ত রাত
তবু ক্রমে ক্রমে একান্ত হয়ে যায় রাত ,
সান্ত্বনা বিলোবার রাত, প্রতিবার ।
জেগে থাকি একা একা লিখে রাখি
মুগ্ধ জীবনের অঙ্গীকার ৷
আরো কেউ নিশ্চয়ই আসছে,
কাছে কেউ দুরে কেউ,
অন্ধকার থেকে কেউ,
এ সময়ে পুড়ে পুড়ে আমাদের দূরত্ব কমছে ৷
একথাও বলা যায় সেও আগুনকে জানছে,
কাছে কেউ দুরে কেউ,
বানভাসি দেশের কেউ,
ছাই ভস্ম দিয়ে আমাকে যে আঁকছে ৷

No comments:

Post a Comment