সূর্যের রক্তিমে, সমুদ্রের দিকে,
একটা পাখি উড়ে গেল ৷
তীর থেকে অনেক দুরে,
আকাশ থেকে অনেক নীচে ,
আমি বসে রইলাম,
ঢেউ বাঁচিয়ে, রোদ বাঁচিয়ে ৷
আমি পাখিটির সঙ্গী হতে পারলাম না
আমি তাকে ভালবাসতে পারলাম না ৷
রাতের সঙ্গে সমুদ্র ঠাণ্ডা হয়ে এল,
আমি স্থির, বেঁচে , বসে রইলাম |
শিকারিরা শুঁকে চলে গেল ,
দূর্বলতর মাংসের খোঁজে ৷
সারারাত নিস্প্রভ নিশ্চল হয়ে রইল দিগন্ত,
চেনা পাখিটি ফিরল না |
শেষে ক্লান্ত ভোরে সদ্য গজানো ডানা মেলে দিলাম
দিগন্তের দিকে ৷ একইভাবে অনেকবার ,
কখনও খুঁজি পাখিটিকে কখনও দিগন্তকে |
No comments:
Post a Comment